সরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন পাঠে মানসিকতা বড় বাধা : শিক্ষামন্ত্রী

৩০ মে, ২০২০ ০৭:৫২  
সরকারি বিশ্ববিদ্যালয়ের অনলাইন পাঠে ‘মানসিকতা’ বড় বাধা বলে মনে করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অপরদিকে ডিজিটাল সরঞ্জাম ও ইন্টারনেটের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের অনাগ্রহ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল আলোচনায় এসব তথ্য উঠে আসে। অনলাইন এই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম। অনলাইন ক্লাস চালুর ক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষকদের যন্ত্রপাতি ও ইন্টারনেটের ব্যবস্থা না থাকায় সামাজিক বিজ্ঞান অনুষদের ৪০ শতাংশ শিক্ষার্থী অনলাইন পাঠে অনাগ্রহী বলে জানান তিনি। আলোচনায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক দেলাওয়ার হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক তানিয়া হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আইনুল ইসলাম ও সমাজ বিজ্ঞান বিভাগের দেবাশীষ কুন্ডু প্রমুখ। ভার্চুয়াল এ আলোচনায় যোগ দিয়ে অনলাইনে ক্লাস নেয়ার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যে ডিজিটালাইজেশন, বিশেষ করে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে ডিজিটালাইজেশন প্রয়োজন ছিল, সেই ডিজিটালাইজেশন হয়নি। তার থেকে বড় কথা আমাদের মাইন্ডসেটটা কিন্তু পরিবর্তন হয়নি। আমি সেখানে দেখছি, সব থেকে বড় বাধা।” তিনি আরো বলেন, “ল্যাপটপ বা ট্যাব যদি না থাকে, আজকাল দেশেই স্মার্টফোন তৈরি হয়, দামও কম। সেটাও অনেক শিক্ষার্থীর কাছে, কারও কারও কাছে সেটার মূল্যও অনেক হতে পারে, সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সুবিধাটা দিতে পারি কি না। সারা বিশ্বে স্টুডেন্ট লোনের ব্যবস্থা আছে, আমরা আমাদের এখানে সেটা নিয়ে ব্যবস্থা করিনি বলে সেটা নিয়ে এখনও চিন্তা করব না, তা তো হতে পারে না।” এসময় নতুন বাস্তবতাকে ধরে নিয়ে এগোনোর পরামর্শ দিয়ে এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।